আন্তর্জাতিক

মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-মোদি

মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ফ্রান্সে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ বৈঠকের সাইডলাইনে দুই নেতা বৈঠকে বসবেন বলে শনিবার (১৩ জুন) জানিয়েছে এনডিটিভি অনলাইন।

ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদি। তারপর থেকে এই প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই রাষ্ট্রনেতা।

আগামী ১৬-১৭ জুন ফ্রান্সে বৈঠকে বসতে যাচ্ছেন জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা। ভারত এই জোটের সরাসরি সদস্য নয়। তবে আন্তর্জাতিক পরিসরে ভারতের গুরুত্বের কথা বিবেচনা করে ডাকা হয় প্রধানমন্ত্রী মোদিকেও। গত বছরও কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন মোদি। 

এ বারের জি-৭ বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। সম্প্রতি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নিহত হয়েছেন। এর প্রতিবাদে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্‌সকে তলব করেছিল ভারত সরকার। এমন এক পরিস্থিতিতে মোদি-ট্রাম্প মুখোমুখি বৈঠকে কী কী বিষয় উঠে আসে, তা নিয়ে কৌতূহল রয়েছে।

এছাড়া ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে গত প্রায় এক বছ ধরে দফায় দফায় আলোচনা হয়েছে। ট্রাম্প-মোদির বৈঠকে বাণিজ্যচুক্তি নিয়ে কোনো আলোচনা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।