ইসরায়েলের বিজ্ঞানমন্ত্রী ও রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েন বলেছেন, মার্কিন-ইরান চুক্তি মেনে চলতে ইসরায়েলে নিজেকে বাধ্য মনে করে না এবং অঞ্চলে তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে।
সোমবার (১৫ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিজ্ঞানমন্ত্রী গামলিয়েন এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
ইসরায়েলি মন্ত্রী স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান এখনই থামছে না। বিশেষ করে লেবানন সীমান্তে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধবিরতির কাঠামো নিয়ে ক্রমবর্ধমান আলোচনার মধ্যে তার এই মন্তব্য এলো, যেটিতে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি।
গামলিয়েন আরো ইঙ্গিত দেন, ইসরায়েল দক্ষিণ লেবাননেরর ভেতরে তাদের অবস্থান বজায় রাখতে চায়।
তিনি বলেন, “বাস্তবিকভাবে, আমরা লেবানের অভ্যন্তরে গভীরভাবে গেড়ে বসেছি।” তিনি আরো যোগ করেন, “লিটানি নদী এবং বেফোট দুর্গ পর্যন্ত বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই।”
তিনি স্পষ্ট করে বলেন, “হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সেসব এলাকায় ফিরতে দেওয়া হবে না।” তার দাবি, এই নীতির উদ্দেশ্যে হলো উত্তরের সম্প্রদায়গুলোকে রক্ষা করা।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত সমঝোতা স্মারকের একটি ‘অবিচ্ছেদ্য অংশ’।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো লেবানন ইস্যুতে কোনো মন্তব্য করেননি। সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী শুক্রবারের আগেই ইরানের সঙ্গে সমঝোতার বিস্তারিত প্রকাশ করবেন।