আইন ও অপরাধ

ডিআইজি মিজানকে ফের তলব

নিজস্ব প্রতিবেদক : পুলিশের আলোচিত ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এবারের তলবি নোটিশে তাকে আগামী ৮ জুলাই সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘুষ কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানকে সোমবার জিজ্ঞাসাবাদ করার থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘ব্যক্তিগত কারণে আমার সময়ের প্রয়োজন। পরবর্তী যে কোনো সময় বক্তব্য দিতে আপত্তি থাকবে না।’

গত ২৪ জুন তাকে তলব করে নোটিশ দেয়া হয়েছিল।

অন্যদিকে আজ বিকেলে বরখাস্তকৃত দুদক পরিচালক এনামুল বাছিরকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি হাজির হবেন না বলে দুদকের অন্য একটি সূত্র জানিয়েছে।

** রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/এম এ রহমান/ইভা