আইন ও অপরাধ

‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগে নতুনরা প্রাধান্য পাবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : শিগগিরই রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে নতুনরা বেশি প্রাধান্য পাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে যুগ্ম-জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪২তম রিফ্রেশার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন আমি তাদেরকে পদত্যাগ করতে বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার কাছে এখন পর্যন্ত ৮৭ জনের পদত্যাগপত্র পৌঁছেছে। এসব পদে খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগের ক্ষেত্রে নতুনরা প্রাধান্য পাবে।

হলি আর্টিজানের মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী এই জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। হলি আর্টিজানের ঘটনায় যারা নিহত হয়েছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

এসময় মন্ত্রী বলেন, আমাদের দেশের প্রেক্ষিতে এটা নিতান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা ঘটে যাওয়ার পর সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই মামলার তদন্ত ও বিচার কাজ অত্যন্ত দ্রুত করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি মনে করি এখন যখন বিচার কাজ চলছে বিজ্ঞ আদালত দেখবেন কতজন সাক্ষী নিলে এই মামলা প্রমাণে যথেষ্ট হবে। এই মামলা দ্রুত শেষ করা প্রসিকিউটরের ইচ্ছা, বিজ্ঞ আদালতও হয়তো বিষয়টি অনুধাবন করবেন। এ মামলা নিয়ে অন্য কিছু বলতে চাই না। তাহলে আবার বিচারাধীন বিষয়ে কথা বলা হয়ে যাবে। তবুও আমি শুধু এই টুকুই বলবো যে, এসব ঘটনা যাতে বিচারের বাইরে না চলে যায়। যাতে এইসব বিষয় বা ঘটনা মানুষের মনে থাকতেই দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায়। সে বিষয়ে আমরা নজর রাখবো।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তৃতা করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/লাকী