নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে জঙ্গি হামলায় চকবাজার থানার সহকারী পুলিশ কমিশনারসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৬ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
সাক্ষীরা হলেন- চকবাজার থানার সহকারী পুলিশ কমিশনার সিরাজুল ইসলাম, সিআইডির পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ ও মো. আব্দুর রহিম, রাঙামাটির কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক খান নুরুল ইসলাম, সিআইডির এসআই নাসিরউদ্দিন, কাউন্টার টেররিজম ইউনিটের এসআই সুজন কুমার কুন্ড ও এসআই আশরাফুল হক বাবু, সিআইডির এএসআই গোবিন্দ দাস ও আমিনুল ইসলাম, কাউন্টার টেররিজম ইউনিটের এএসআই মো. নুরুজ্জামান ও সিআইডির কনস্টেবল মানিক বাবু।
এ সময় আসামি মামুনুর রশীদ ওরফে রিপন, শফিকুল ইসলাম ওরফে খালেদ, হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশসহ গ্রেপ্তার আসামিদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/মামুন খান/ইভা