আইন ও অপরাধ

পুলিশ পরিদর্শকের স্ত্রীর ৪ বছর কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের স্ত্রী মাহমুদা খানম স্বপ্নাকে পৃথক দুই ধারায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মাহমুদা খানম স্বপ্না আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

রায়ে মাহমুদা খানম স্বপ্নাকে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ২৭ (১) ধারায় তিন বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ২১ লাখ ৫৪ হাজার ২৩৫ টাকা অর্থদণ্ড করা হয়। অসাধু উপায়ে অর্জিত ২১ লাখ ৫৪ হাজার ২৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, মাহমুদা খানম স্বপ্না একজন গৃহিণী। তার স্বামী মোস্তাফিজুর রহমান পুলিশ পরিদর্শক ছিলেন। ২০১৫ সালের ১৪ মে মাহমুদা খানম দুদকে হিসাব বিবরণী দাখিল করেন। সেখানে তিনি ১৭ লাখ ৬২ হাজার ১৮৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং এক কোটি ৭১ লাখ তিন হাজার ৪৫ টাকার সম্পদের মধ্যে ৪১ লাখ ৪১ হাজার ২৬৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন। 

দুদকের উপপরিচালক আবুবকর সিদ্দিক ২০১৬ সালের ২৯ জুন রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে কমিশনের উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দিন ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।