ঢাকার উত্তরায় প্রকাশ্যে দুজনকে কোপানোর মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. দ্বীন ইসলাম দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪) নামে কিশোর গ্যাংয়ের তিন সদস্যের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটর সাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মকবুল হোসেন এবং তার সঙ্গে থাকা নাসরিন আকতার ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা ফোন করে তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে ডেকে এনে মকবুল হোসেনের ওপর চড়াও হন। এ সময় ইফতি ঢাল হয়ে দাঁড়ালে তিনিও আঘাতপ্রাপ্ত হন।
এ ঘটনায় ভুক্তভোগী ইফতি বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারি সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।