আইন ও অপরাধ

ছাদের দরজা বন্ধ থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান চারজন

রাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউর মজুমদার ভিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনটিতে আগুন লাগার পর সেখানকার আবাসিক হোটেলে থাকা চারজন ভয়ে ওপরে ওঠার চেষ্টা করেন। তবে এমন সময় ছাদে থাকা চিলেকোঠার দরজাটি ছিল বন্ধ। অতিরিক্ত ধোঁয়ার কারণে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩ মার্চ) বেলা ২টায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ভবনের চারতলায় যে মরদেহটি পাওয়া যায়, সেটি আসলে একটি বাথরুম থেকে পাওয়া যায়। বাকি তিনটি মরদেহ ছয় তলার ছাদের গেটের সামনে পড়ে ছিল। তবে গেটটি তালাবন্ধ ছিল। ভবনটির চারতলা থেকে একজনের ও ছয় তলার ছাদের গেট থেকে তিনজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো আগুনের তাপে কিছুটা পুড়ে গেছে, তবে বাকি শরীর ঠিকঠাক রয়েছে। প্রাথমিক ধারণা, এ চারজন আগুনের সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে। এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। 

যে ভবনটিতে আগুন লাগে, সেটি সাত তলা বিশিষ্ট। নিচ তলায় তিনটি দোকান রয়েছে। দোতলায় মেয়েদের একটি বিউটি পার্লার ও তিন থেকে ছয়তলা পর্যন্ত সৌদিয়া হোটেল। ভবনটির ছয় তলার অর্ধেক হোটেল রুম আর বাকি অর্ধেক ছাদ। ভেতরে দেখা যায়, শুধুমাত্র দোতালায় বিউটি পার্লার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ভবনের নিচ তলা আংশিকভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের নিচ তলায় আছে রুমা ডিজিটাল নামে একটি স্টুডিও। এছাড়া রয়েছে মা ডোর সেন্টার অ্যান্ড ফার্নিচার ও মুন্নি এন্টারপ্রাইজ নামে দুটি দোকান। ভবনের ভেতরে বিভিন্ন ফ্লোরে কাঁচের ভাঙা টুকরো দেখা গেছে।