সিলেট রেঞ্জের সব থানায় চালু হলো অনলাইন জিডি সেবা। এখন থেকে যেকোনো সমস্যায় থানায় না গিয়ে ঘরে বসেই অনলাইনে জিডি করা যাবে।
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে রবিবার (১ জুন) থেকে এ সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ হেডকোয়ার্টার থেকে আরো জানানো হয়, অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। রবিবার থেকে সিলেট রেঞ্জের সব জেলার সব থানায় অনলাইনে জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও অনলাইন জিডি সেবা চালু হবে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকছে।