আইন ও অপরাধ

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ: আইজিপি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তত বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক  (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)  সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “নির্বাচনের সময় বৈধ অস্ত্র জমা রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করা নিয়ে পুলিশ প্রশাসন কড়া অবস্থানে রয়েছে। নির্বাচনের সময় অস্ত্র থাকলেই তা সাধারণ ভোটারদের মনে ভীতি সৃষ্টি করতে পারে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। সাধারণ মানুষ যাতে কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে যেতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে।”

তিনি জানান, রাজনৈতিক উত্তেজনা থেকে সৃষ্ট সম্ভাব্য সংঘাত এড়াতে পুলিশ সদা প্রস্তুত। নির্বাচনের সময় সকল অস্ত্র প্রশাসনের নজরদারিতে রাখা বা জমা নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু  ও শান্তিপূর্ণভাবে করার জন্য বৈধ অস্ত্র বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে যেন ভোট গ্রহণ হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা পর ২৭৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, “তবে কিছু বৈধ অস্ত্রও জমা দেওয়া হয়নি। তার সংখ্যাও বেশি নয়। অনেকে হয়তো দেশে লকারে তালা মেরে বিদেশে আছেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি  এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন);  মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ);  মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও  সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট)।