রাজধানীর আদাবর এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, “আদাবরের ঘটনার বিষয়ে আমরা অবগত। বিস্তারিত খোঁজ নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর আদাবরের ১৭ নম্বর রোডে অবস্থিত একটি এমব্রয়ডারি কারখানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্র হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন শ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এ ঘটনার বিচারের দাবিতে এমব্রয়ডারি কারখানার মালিক ও শ্রমিকরা আদাবর থানা ঘেরাও করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অপর দুজন হলেন মারুফ ও হাসান। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।