আইন ও অপরাধ

পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে এমন কোনো কাজ করা যাবে না, যার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

বুধবার (৪ মার্চ) রাজধানীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। 

ট্রাফিক ব্যবস্থাপনাকে যানজটমুক্ত ও আধুনিকায়ন করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশের পক্ষ থেকে উত্থাপিত সব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান আইনশৃঙ্খলার যাবতীয় সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নির্দেশনায় শিগগির সমাধান হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।