ঢাকা ওয়াসার সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার (৮ মার্চ) রাতে সিআইডির প্রধান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিআইডি জানিয়েছে, অনুসন্ধানে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মো. আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার করে নিজের এবং স্ত্রী ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আছে।
অনুসন্ধানে সিআইডি জানতে পেরেছে, ২০১৮ সালে তিনি নিজের এবং স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি কিনেন। স্থানীয় ভূমি নিবন্ধন অফিস সূত্রে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। ২০১৮ সালের ২৮ মার্চ কেনা ওই বাড়িটির বর্তমান মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিভিন্ন গণমাধ্যমেও কানাডার টরন্টোতে তার পরিবারের নামে বাড়ি থাকার তথ্য প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।