স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং এতে আমরা সই করেছি।”
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতির কাছে আমরা এই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি এবং তা রক্ষা করব। বর্তমান সরকার সংবিধান মেনেই এ পর্যন্ত এসেছে এবং ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে জাতীয় সংসদে যেতে হবে। সেখানে আলোচনা ও আইন প্রণয়নের মাধ্যমেই বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।”
জবরদস্তিমূলক শপথের বিরোধিতা: জবরদস্তিমূলক কোনো শপথ বা আদেশের মাধ্যমে সংসদের ক্ষমতা খর্ব করার চেষ্টার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিচারকদের দায়িত্ব হলো সংবিধান রক্ষা করা।”
তিনি বলেন, “উপ-রাষ্ট্রপতির বিধান রাখার মতো বড় সংস্কারগুলোও জনগণের ম্যান্ডেট অনুযায়ী ধাপে ধাপে করা হবে।”
“আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। সংসদই সিদ্ধান্ত নেবে কোনগুলো রাখা হবে আর কোনগুলো বাতিল হবে। জুলাই সনদ নিয়ে যারা এখন বেশি সমালোচনা করছেন, তারা আসলে সুবিধা বুঝে পরে এতে সই করেছেন। আমাদের প্রতিশ্রুতি কেবল সনদে সীমাবদ্ধ নয়, আমরা আমাদের নির্বাচনি ইশতেহারও বাস্তবায়ন করব”, যোগ করেন তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ শীর্ষস্থানীয় আইনজীবীরা।