রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ ও তেজগাঁও থানার নাবিস্কো এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় গাঁজা সেবন ও বহনের অভিযোগে ১২ জনকে আটক করে পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
সংস্থাটি জানায়, বৃহস্পতিবার সকাল থেকে অভিযানটি পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)–এর গুলশান সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে গাঁজা সেবন ও বহনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. লিমন, মো. হৃদয়, মো. তুহিন, মো. শহিদুল ইসলাম, সাকিব হোসেন, মো. রুস্তম আলী, আলম মিয়া, রহিদুল ইসলাম, মো. রিফাত, মো. রবিউল ইসলাম, মো. সোহাগ ও মো. আপেল।