ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, “ঈদযাত্রাকে কেন্দ্র করে সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ট্রাফিক ব্যবস্থাপনা নয়, সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মাঠে থাকবে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা। বিশেষ বাহিনী, ডগ স্কোয়াডসহ বিভিন্ন ইউনিট মোতায়েন করা হয়েছে।”
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাস টার্মিনালে পরিদর্শন কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
আইজিপি বলেন, “কোনো নির্দিষ্ট হুমকি না থাকলেও, জনগণকে নিরাপত্তার বার্তা দিতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ সবসময় তৎপর রয়েছে, কোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলার সঙ্গে আপস করা হবে না।”
টার্মিনালে যাত্রী উপস্থিতি তুলনামূলক কম থাকার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা দূরপাল্লার বাসের অবৈধ কাউন্টার-এর একটি বড় কারণ। এতে যাত্রীরা সরাসরি টার্মিনালে না এসে সেখান থেকেই যাত্রা শুরু করছেন, যা নগরের ভেতরে যানজট বাড়াচ্ছে।”
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, এ ক্ষেত্রে সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ধাপে ধাপে এসব কাউন্টার নিয়ন্ত্রণে এনে একটি শৃঙ্খলার মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।”
ভাড়া বেশি নেওয়া ও টিকিট সংকটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।” আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। “আইন জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আইন না জানা কোনো অজুহাত হতে পারে না। যাত্রীদেরও সচেতন হতে হবে এবং প্রয়োজনে অভিযোগ জানাতে হবে”, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।