রাষ্ট্রপতির নামে জারি করা ভুয়া প্রজ্ঞাপন নিয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা করলে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার (৩০ মার্চ) সকালে বিএমইউতে যোগদান করতে আসলে তাকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইরফান জাহান নূর নামের ওই ব্যক্তি একটি প্রজ্ঞাপন দেখিয়ে নিজেকে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (ডিরেক্টর) হিসেবে দাবি করেন এবং যোগদানের চেষ্টা করেন।
পরবর্তীতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করা হয়। এতে দেখা যায়, তথাকথিত প্রজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া এবং এতে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনের কথা উল্লেখ করা হলেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি।
ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারার আওতায় ডা. ইরফান জামান নূরকে বিএমইউ, ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির প্রকৃত নাম ইরফান জাহান নূর কিনা এবং তিনি পেশায় চিকিৎসক কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি।