রাজধানীর মিরপুর এলাকার একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) রাতে মিরপুর-১ এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার এসএএম ফজল-ই-খুদা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই স্থানটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিল স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ডিএমপি মিরপুর বিভাগের কয়েকটি থানার পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের পর আটক ব্যক্তিদের মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য শাহ আলী থানায় হস্তান্তর করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম রাইজিংবিডি ডটকমকে বলেন, “বাংলাদেশ-কোরিয়া ক্লাব লিমিটেড নামের বারে তরুণ-তরুণীরা বসে মদ সেবন করছিল। তবে তাদের কাছে মদ সেবনের বৈধ কাগজপত্র ছিল না। এ কারণে তাদের আটক করে থানায় আনা হয়। পরবর্তীতে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেফাজতে তাদের পাঠিয়ে দেওয়া।”