আইন ও অপরাধ

দুদ‌কের জা‌লে ক‌মিশ‌নের সাবেক কমিশনারসহ ৬ শীর্ষকর্তা 

৯ হাজার কোটি টাকার সরকা‌রি ক্ষতিসাধনের মামলায় দুর্নী‌তি ক‌মিশ‌নের জা‌লে এবার ফেঁসে যা‌চ্ছেন দুদ‌কের এক সম‌য়ের প্রভাবশালী ক‌মিশনার মো. জহুরুল হক, বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ ছয় শীর্ষকর্মকর্তা।

তারা হলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের এবং মো. আমিনুল হাসান।

তারা আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতি ক‌রে‌ছেন।

দুদ‌কের সা‌বেক ক‌মিশনার মো. জহুরুল হকসহ ছয় কর্মকর্তা‌কে ডে‌কে‌ছে দুদক। তা‌দের আগামী ৯ এপ্রিল সশরী‌রে ক‌মিশ‌নের সেগুনবা‌গিচা প্রধান কার্যাল‌য়ে উপ‌স্থি‌ত হ‌তে বলা হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে জিজ্ঞাসাবাদ কর‌বে ক‌মিশ‌নের তদন্ত কর্মকর্তা। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা ক‌মিশ‌নের উপপরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষ‌রে হাজির হওয়ার অনুরোধ জা‌নি‌য়ে পৃথক পৃথক নোটিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

দুদ‌কের সাবেক কমিশনার মো. জহুরুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পৃথক অনুসন্ধান চলমান রয়েছে বলে জানা গেছে।

২০২১ সালের ১০ মার্চ কমিশনার হিসাবে মো. জহুরুল হক দুর্নীতি দমন কমিশনে যোগদান করেন। ২০২৪ সালের ৩০ অক্টোবর পদত্যাগ করেন। ওইদিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।

দুদক জানায়, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষ সরকারের অনুমোদন ছাড়াই পরীক্ষামূলক সময়ের কল রেট কমিয়ে ০.০৩ ডলার থেকে ০.০১৫ ডলার করে এবং সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে ৪০ শতাংশ নামিয়ে আনে। একই সঙ্গে আইজিডব্লিউ অপারেটরের শেয়ার ১৩.২৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়। যা সম্পূর্ণ বেআইনি। যার মাধ্যমে রেভিনিউ শেয়ার কমানোর ক্ষতি ৩৮৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা, কম রেটে কল আনায় ক্ষতি ২ হাজার ৯৪১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা না আনায় ক্ষতি ৫ হাজার ৬৮৫ কোটি ১ লাখ কোটি টাকা। সব মিলিয়ে রাষ্ট্রের মোট ক্ষতি ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়।

আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে ২০২৫ সালের ৩ ডিসেম্বর দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক ও বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। ঘটনার সময় জহুরুল বিটিআরসির কমিশনার ও পরে চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন। দুদকের পরিচালক মো. জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।