ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে রোগীর স্বজনদের সঙ্গে দুই নারী চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাহিয়া আক্তার (২৬) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সাভারের বড়বাজার থেকে আসা অন্তঃসত্ত্বা রোগী মনি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে থাকা ছোট ভাইয়ের স্ত্রী ফাহিয়া আক্তার অপারেশন থিয়েটারের (ওটি) ভেতরে প্রবেশ করেন।
ওই সময় দায়িত্বরত দুই নারী চিকিৎসক, ডা. ফারজানা আক্তার মিম (সহকারী রেজিস্ট্রার) ও ডা. সাবিনা সুলতানা (মেডিকেল অফিসার) তাকে ওটি থেকে বের হয়ে যেতে বলেন। কিন্তু তিনি বের হতে অস্বীকৃতি জানান। পরে চিকিৎসকরা তাকে বাইরে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন এবং একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় তিনি অশোভন ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে ঢামেক পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। পরে রাত ১২টার দিকে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার অভিযুক্ত নারীকে আদালতে হাজির করা হবে। তবে অভিযুক্ত ওই নারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।