আইন ও অপরাধ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বিএনপির নেতার

মাগুরার শ্রীপুর থানার সাবেক অফিসার ইনচার্জ  (ওসি) জাব্বারুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন স্থানীয় বিএনপি নেতা আবু সাঈদ শেখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে জমা দেওয়া অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, আওয়ামী সরকারের সময়ে জাব্বারুল ইসলাম শ্রীপুর থানায় কর্মরত অবস্থায় তাকে (আবু সাঈদ) আটকের পর তার বাবার কাছ থেকে ঘুষ নেওয়ার পরও ভয়াবহ নির্যাতন করেন। স্থানীয় মহিলা আওয়ামী লীগ সভাপতি, মাদক ব্যবসায়ী স্বর্ণালী জোয়ারদার রিয়ার সাথে ওসির পরকীয়া সম্পর্ক গোপন রাখতে আবু সাঈদকে আটক করা হয় এবং রিয়ার নির্দেশ তাকে থানায় নিয়ে নির্যাতন চালানো হয়।

আবু সাঈদ জানান, এখন পিবিআই’র ঢাকা ইউনিটে কর্মরত জাব্বারুল আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে (আবু সাঈদ) গ্রেপ্তারের পর বাসা থেকে তার বাবাকে ডেকে এনে মোটা অংকের ঘুষ নিয়েও একাধিক মিথ্যা মামলা দেন তার বিরুদ্ধে। থানায় সিলিংয়ে ঝুলিয়ে পেটানো হয়।

ওসি থাকাকালীন জাব্বারুলকে রাতে থানার গাড়িসহ স্বর্ণালী জোয়ারদার রিয়ার বাড়িতে অবস্থান করার বিষয়টি দেখে ফেলার পর তাদের পরকীয়ার সম্পর্ক গোপন রাখার জন্যই হত্যার উদ্দেশ্যে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়, ফাঁসানো হয় একাধিক মিথ্যা মামলায়। এই পরকীয়ার জের ধরেই জাব্বারুল তার প্রথম স্ত্রী সোনিয়াকে ডিভোর্স দেন।

ভুক্তভোগী আবু সাঈদ শেখ মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।  

মাগুরার শ্রীপুর থানায় ওসি হিসেবে জাব্বারের যোগ দেওয়ার পর তার সঙ্গে পরিচয় হয় স্বর্ণালী জোয়ারদার রিয়ার।