পুলিশের এখনকার পোশাক মানানসই নয় জানিয়ে আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের পোশাকে পরিবর্তন আনছে সরকার। শার্ট আগের মতোই থাকবে। শুধু প্যান্টের রঙ হবে খাকি।”
তিনি আরো বলেন, “বর্তমান পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে সন্তুষ্টি নেই। সাধারণ মানুষের কাছেও এ পোশাক গ্রহণযোগ্যতা পায়নি। শুদ্ধ বাংলায় বললে মানানসই হয়নি। পুলিশের পক্ষ থেকে পোশাক বদলানোর আবেদন আসার পর বিষয়টি নিয়ে ভাবা হয়।”
কেমন হবে নতুন পোশাক ঐতিহ্য মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মেট্রোপলিটনসহ সারা দেশের পুলিশের জন্য ওপরের অংশ, অর্থাৎ শার্ট আগেরটাই থাকছে। পরিবর্তন আসছে শুধু প্যান্টে। নতুন প্যান্ট হবে খাকি রঙের।
সালাহউদ্দিন আহমদ বলেন,“ পুলিশের সঙ্গে বসে আলোচনা করেই গ্রহণযোগ্য পোশাক ঠিক করা হয়েছে। তবে এখনই সবাই নতুন পোশাক পরতে পারবেন না। কাপড় তৈরি, জামা বানানোসহ প্রস্তুতির কাজ বাকি আছে। আনুষ্ঠানিক ঘোষণা পরে হলেও সিদ্ধান্ত চূড়ান্ত।”
গতকাল একজন সাংবাদিককে বিদেশে যেতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি খোঁজ নিয়ে দেখি।”
রবিবার (৩ মে) বিদেশি সংবাদমাধ্যমের ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ওকাবের সভাপতি এবং জার্মান নিউজ এজেন্সি ডিপিএর প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। তিনি ব্যক্তিগত কাজে চায়নায় যেতে চেয়েছিলেন।