আইন ও অপরাধ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে ঢাকাজুড়ে বাড়তি নিরাপত্তা

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রমকে নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, ডিএমপির কন্ট্রোল রুম থেকে গত ১৪ মে রাতে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়। বার্তায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৭ মে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হতে পারে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার  এস এন  নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস আছে কি নেই এটি দেখার বিষয় না এবং এ নিয়ে কোনো ধরনের হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সকল অপরাধীদের প্রতিহত করার জন্য প্রস্তুত।”