রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর সার্কেল। এ সময় এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
সোমবার (১৭ মে) রাতে অধিদপ্তর থেকে জানানো হয়, উত্তরা সার্কেল পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিলুর রহমানের নেতৃত্বে খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার প্রতিক হাউজিং বাসা নং-৭৮, রোড নং-১২/৪, ব্লক-জে, বিল্ডিং চামেলী-এ-২, ফ্ল্যাট-ই-৫ ভাড়াকৃত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. জহিরুল ইসলাম শ্যাপন ও জান্নাত ফেরদৌস এনিকে গ্রেপ্তার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বেডরুমের কাঠের আলমারির উপরের তাক থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত ব্যাগে থাকা ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত এই দম্পতি ফ্লাটটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিল। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।