আইন ও অপরাধ

রমনায় বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা 

রাজধানীর রমনার মৌচাকে মোহাম্মাদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে বহিষ্কৃত এক স্বেচ্ছাসেবক দলের নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলি দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা হয়। 

​নিহত বিল্লাল মালিবাগ বাগান বাড়ির ৫১২ নম্বর বাসার বাসিন্দা এবং মৃত ইউসুফ তালুকদারের ছেলে। 

নিহতের ভাগ্নে মোবারক হোসেন আকাশ জানান, রাত ৮টার দিকে রমনা থানা যুবদলের নেতা লুৎফুরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বিল্লালের পথরোধ করে। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের ডান পাশে আঘাত করে। বিল্লাল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা বিল্লালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে বিল্লালকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ‍“নিহত বিল্লাল রমনা থানার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রমনা থানা অবগত আছে।”