আইন ও অপরাধ

ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনায় মামলা

রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার দুই দিন মঙ্গলবার ভুক্তভোগী ব্যবসায়ী লোকমান হোসেন মতিঝিল থানায় মামলাটি করেন।

মামলায় অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি।

বুধবার (১০ জুন) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

তিনি জানান, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তের পর গ্রেপ্তারে কাজ চলছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জুন দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আদমজী কোর্ট এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকে অবস্থানরত ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে রিকশাযোগে রওনা হন লোকমান। ২টা ৫৬ মিনিটে মতিঝিলের জনতা ব্যাংকের করপোরেট শাখার পূর্বপাশের সড়কে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন তাকে ঘিরে ফেলে।

এজাহারে আরো বলা হয়, দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে লোকমানের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তিনি বাধা দিলে তাদের একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লোকমানের ডান হাতের কনুইয়ের নিচে এবং ডান পায়ের হাঁটুর নিচে ও ওপরে গুলি লাগে।

পরে দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগে ১৭ হাজার মার্কিন ডলার ছিল (প্রায় ২০ লাখ ৭৫ হাজার টাকা)। এছাড়া আরো কিছু বৈদেশিক মুদ্রা ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।