আইন ও অপরাধ

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভবনে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাত সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটে। 

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এটিকে সাধারণ কোনো চুরি নয়, বরং ‘পরিকল্পিত নাশকতা’ বলে মন্তব্য করেছেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “সংবাদ পেয়ে আমরা তদন্ত শুরু করেছি। পাশাপাশি ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রযুক্তির সহযোগিতা নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা হচ্ছে।”

শুক্রবার (১২ জুন) সকালে বিষয়টি জানাজানি হলে অ্যাটর্নি জেনালের কার্যালয়ের ​প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে একদল দুষ্কৃতকারী ভবনের নিচতলা এবং দোতলার লিফটের সামনের জানালার থাই গ্লাসের দুটি পার্ট সম্পূর্ণ খুলে ফেলে। তারা পেছনের দিক দিয়ে একটি পার্ট চুরি করে নিয়ে যেতে পারলেও অন্যটি নিতে পারেনি। গ্লাস খোলার শব্দ পেয়ে অফিসের নৈশপ্রহরী (ফজলুল হক ও মিঠুন বাড়ৈ) এবং সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা চোরদের ধাওয়া করেন। নিরাপত্তা কর্মীদের তাড়া খেয়ে মালামাল রেখেই অন্ধকারে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।