লাইফস্টাইল

অনাগত সন্তানের জন্য বাবাদের কর্তব্য

আফরিনা ফেরদৌস : একটা কথা হয়তো আমরা সবাই জানি, যা হংসীর জন্য ভালো তা রাজহাসের জন্যও ভালো। পুরুষ হিসেবে যখন একজন মানুষ বাবা হতে যান তখন তার আনন্দ কিছু কম থাকে না একজন মহিলার তুলনায়। তবে অনেকে বেশ দ্বিধায় থাকেন যে তাদের অনাগত সন্তানের ক্ষেত্রে তার গর্ভবতী স্ত্রীর জন্য কী করা দরকার। আপনার সেই দ্বিধা দূর করতে আমাদের আজকের এই আয়োজন।

 

মেয়েরা গর্ভাবস্থায় অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েন। তারা কাঁদে, ঝগড়া করে, আবার কাঁদে, হাসে তারপর আবার কাঁদে। একজন গর্ভবতী নারীর অনুভুতির তারতম্য বোঝা খুবই কঠিন। তবে নিচের এই পাঁচটি কাজ আপনার অতি সংবেদনশীল গর্ভবতী স্ত্রীর অনুভূতিগুলো আনন্দে ভরিয়ে দেবে।

 

১) আপনার গর্ভবতী স্ত্রীকে যতটুকু পারেন ব্যস্ত রাখার চেষ্টা করুন। তার জন্য আপনি নিচের এই কাজগুলো করতে পারেন। •    অবসরে আপনার স্ত্রীকে বই পড়ে শোনান। •    ছুটির দিনে ঘর পরিষ্কার করুন। •    দেখুন আপনার স্ত্রী তার নিজেকে সময় দিচ্ছেন কি না ঠিকমত। •    আপনাদের অনাগত সন্তানের জন্ম তিথিকে কিভাবে শুভেচ্ছা জানাবেন তার পরিকল্পনা করুন। •    মা এবং সন্তানের সুস্থতার জন্য গর্ভাবস্থায় কিছু যোগ ব্যায়াম রয়েছে। আপনার স্ত্রীকে এই ব্যায়ামগুলো করতে সহায়তা করুন। •    মনে রাখবেন গর্ভাবস্থায় আপনার স্ত্রীর আপনাকে তার পাশে খুব দরকার। এ জন্য এই সময়ে আপনার স্ত্রীকে বেশি করে সময় দিন।

 

২) নিজে বোঝা এবং তাকে বোঝানো গর্ভাবস্থা সম্পর্কে। মেয়েরা গর্ভাবস্থায় খুবই অনিশ্চিয়তায় ভোগে। প্রথমত মা হওয়ার ভয়। মা হওয়ার সময় অনেকে মৃত্যুবরণ করেন। সাধারণ অবস্থায় সন্তানের জন্ম দেওয়া খুবই কঠিন কাজ। এতে মারা যাওয়ার আশঙ্কাও অনেক থাকে। আর গর্ভাবস্থায় মেয়েদের মনে এই ভয় বাসা বেধে যায়। অপরটি হলো আপনাকে হারানোর ভয়। একজন মেয়ে যখন গর্ভবতী থাকেন তখন একজন পুরুষ অনেক দিন যাবত তার সঙ্গ পেতে পারেন না। অনেক সময় দেখা যায় ঐ পুরুষটি দ্বিতীয় বিয়ে করেছেন। এই ভয়টিও একটি মেয়ের ভেতরে কাজ করে। তাই আপনার স্ত্রীকে সাহায্য করুন এই ভয়গুলোকে কাটিয়ে উঠতে। সব সময় কাছাকাছি থাকুন। তাকে বোঝান মা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর যাই হোক না কেন আপনি তার পাশে আছেন।

 

৩) কিছু কাজ আমরা সব সময় এড়িয়ে চলি কিন্তু গর্ভাবস্থায় আপনার স্ত্রীর ক্ষেত্রে এই কাজগুলো একেবারেই এড়িয়ে যাবেন না। যেমন- •    গাড়ি থেকে নামার সময় আপনি নিজেই আপনার স্ত্রীর জন্য গাড়ির দরজাটি খুলে দিন। •    কেনাকাটা করার সময় তার হাত ধরে রাখুন। •    তার চোখে চোখ রেখে কথা বলুন। •    কোন রেস্টুরেন্টে খেতে গেলে দুজনে পাশাপাশি বসুন। •    বিকালে বা সন্ধ্যায় আপনার স্ত্রীকে নিয়ে হাটতে বের হোন। •    একসঙ্গে সিনেমা দেখতে যান এবং রাতে বাইরে খাওয়ার জন্য আপনার স্ত্রীকে সারপ্রাইজ দিন। •    আপনার স্ত্রীকে কখনো একাকীত্ব বোধ হতে দিবেন না।

 

৪) গর্ভাবস্থায় মেয়েদের কিছু অতিরিক্ত পরিচর্যার দরকার হয়। আমাদের পুরুষ শাষিত সমাজের অনেক পুরুষ তা বোঝেন, যারা বোঝেন তারা করতে চান না আর যারা করেন তারা অন্যের হাসির পাত্র হয়ে ওঠেন। বাস্তবিক অর্থে কঠিন হলেও একজন পুরুষের গর্ভাবস্থায় তার স্ত্রীর জন্য এই কাজ গুলো করা উচিত।

 

পরিবারের বিভিন্ন কটুক্তি থেকে তাকে বাঁচানো। গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নিয়ে মনোমালিন্য তৈরি না করা। গর্ভাবস্থায় স্ত্রীর পছন্দ ও মতামতকে প্রাধান্য দেয়া। তাকে হেয়ার র্যা ক্স বা রিমুভ করতে সাহায্য করা।

 

ছুটির দিনগুলোতে নিজে তাকে স্পা বা মাসাজে সাহায্য করা। কারণ এ সময় একজন মেয়ের জন্য বাইরে গিয়ে বা পার্লারে সময় কাটানো খুব দুষ্কর হয়ে পড়ে তাই আপনি নিজেই তাকে সাহায্য করুন।

 

৫) সর্বোপরি আপনার স্ত্রীর সঙ্গে মন খুলে কথা বলুন। জানতে চান সে কি বলতে চায়। গর্ভাবস্থা সম্পর্কে তার ধারণা এবং অনুভূতিগুলো কী। এবং আপনি ও আপনার ধারণা এবং অনুভূতি ভাগ করে নিন তার সঙ্গে।

 

এতে শুধু যে আপনার স্ত্রীর ভালো লাগবে তা নয়। দুজনের মধ্যে দূরত্ব কমে যাবে। আপনার স্ত্রী সব সময় ভালো চিন্তা করবেন এবং আপনার অনাগত সন্তানের মানসিক বিকাশে তা বড় ভূমিকা পালন করবে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৬/আফরিনা/ফিরোজ