রমজান মাসে সারাদিন পানি ও খাবার গ্রহণ না করার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এর প্রভাব পড়ে ত্বকেও—ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক ও মলিন। তাই এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। ত্বক ভালো রাখতে হলে যত্ন শুরু করতে হবে ভেতর থেকে। এজন্য ইফতার ও সেহরিতে স্বাস্থ্যকর খাবার রাখুন। ভাজাপোড়া ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে ফল, শাকসবজি ও পুষ্টিকর খাদ্য বেছে নিন। ইফতার থেকে সেহরির মধ্যবর্তী সময়ে পর্যাপ্ত পানি পান করুন। চলুন জেনে নেওয়া যাক, রমজানে ত্বক সতেজ রাখার ৪টি সহজ নিয়ম—
১. ক্লিনজিং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে নিয়মিত ক্লিনজিং অত্যন্ত জরুরি। ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার নির্বাচন করুন। মেকআপ করুন বা না-ই করুন—সকাল ও রাতে মুখ পরিষ্কার করতেই হবে। রমজানে শুষ্কতা এড়াতে রিফ্রেশিং ও ময়েশ্চারাইজিং ক্লিনজার ব্যবহার করা ভালো।
২. ময়েশ্চারাইজিং ক্লিনজিংয়ের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। রোজার সময় ত্বক দ্রুত আর্দ্রতা হারায়। তাই মুখ ধোয়ার পর ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
৩. সানস্ক্রিন ব্যবহার শুধু রমজানেই নয়, বছরের যেকোনো সময় দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। বাইরে থাকলে প্রতি চার ঘণ্টা পরপর সানস্ক্রিন পুনরায় ব্যবহার করুন। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেবে।
৪. এক্সফোলিয়েটিং এক্সফোলিয়েটিং ত্বকের বন্ধ লোমকূপ পরিষ্কার করে এবং ত্বককে করে তোলে মসৃণ ও উজ্জ্বল। নিয়মিত এক্সফোলিয়েশন ত্বকের রক্তসঞ্চালনও বাড়ায়। ডার্মাটোলজিস্টদের মতে, সপ্তাহে এক থেকে দুইবার এক্সফোলিয়েটিং জেল ব্যবহার করাই যথেষ্ট।
সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ত্বকচর্চার মাধ্যমে রমজানেও ত্বক থাকতে পারে সতেজ, স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত।