লাইফস্টাইল

ফুল দিয়ে কন্ডিশনার বানানোর উপায় জেনে নিন

চুল ঝরা, খুশকি, রুক্ষতা কিংবা চুল পাতলা হয়ে যাওয়া— চুলের সমস্যার যেন শেষ নেই। এসব সমস্যা দূর করতে অনেকে বাজারের কেমিক্যালযুক্ত নানা পণ্য ব্যবহার করেন। আবার কেউ কেউ ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানের ওপর। বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে জবা ও অপরাজিতা— এই দুই ফুল বেশ কার্যকর। নিষ্প্রাণ চুলকে প্রাণবন্ত করে তুলতে এবং চুলের নানা সমস্যা কমাতে এই ফুল দুটির ভূমিকা উল্লেখযোগ্য। তবে প্রশ্ন হলো— কীভাবে ব্যবহার করবেন এগুলো?

জবা ফুলের উপকারিতা জবা ফুল ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ, যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি চুলে কেরাটিন নামের প্রোটিন তৈরিতে সহায়তা করে, ফলে চুলের গঠন মজবুত হয়। এছাড়া জবা প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে এবং স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এর ফলে খুশকি কমে এবং অতিরিক্ত তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত ব্যবহারে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে এবং চুলের আভা বাড়ে। এমনকি অকাল পক্কতা বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাতেও এটি কিছুটা সহায়ক হতে পারে।

অপরাজিতা ফুলের উপকারিতা অপরাজিতা ফুল অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই উপাদান স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে যায় এবং চুল পড়া কমতে পারে।

অপরাজিতার নির্যাস চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং রুক্ষ ও শুষ্ক চুলকে নরম ও মসৃণ করে। তাই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও এটি বেশ কার্যকর। জেনে নিন কীভাবে তৈরি করবেন ফুলের কন্ডিশনার।

উপকরণ একমুঠো টাটকা বা শুকনো জবা বা অপরাজিতা ফুল এবং পরিমাণমতো পানি

প্রস্তুত প্রণালি: একটি পাত্রে পানি গরম করতে দিন। এরপর পানি ফুটতে শুরু করলে তার মধ্যে ফুলগুলো দিয়ে দিন। এই পর্যায়ে জবা দিলে পানির রং লাল বা গোলাপি হবে।অপরাজিতা দিলে পানির রং নীল হয়ে যাবে। আঁচ কমিয়ে ৫–১০ মিনিট ফুটতে দিন। এরপর চুলা বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন।ঠান্ডা হলে ছেঁকে নিয়ে তরলটি আলাদা করে রাখুন।

ব্যবহারের পদ্ধতি শ্যাম্পু করার পর এই তরলটি চুল ও স্ক্যাল্পে ঢেলে দিন। ১০ মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আপনার জন্য কোনটি উপযুক্ত? চুল পড়া ও রুক্ষতার সমস্যা থাকলে অপরাজিতা বেশি উপকারী। এটি চুলকে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। খুশকি, অতিরিক্ত তৈলাক্ত স্ক্যাল্প বা অকাল পাকা চুলের সমস্যা থাকলে জবা ব্যবহার করা ভালো। এটি স্ক্যাল্পের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

নিয়মিত এই প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করলে ধীরে ধীরে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ও স্বাস্থ্য ফিরে আসতে পারে।