মুসলিমদের অন্যতম আনন্দের উৎসব ঈদুল ফিতর। এই দিনে নতুন পোশাক, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সাজগোজেরও থাকে আলাদা আনন্দ। তবে সকাল থেকে রাত পর্যন্ত একইরকম সাজ অনেক সময় আরামদায়ক হয় না। তাই সময় ও পরিবেশ অনুযায়ী সাজে আনতে পারেন ভিন্নতা। বিশেষ করে ঈদের সকালে সময় কম থাকলেও হালকা ও স্নিগ্ধ সাজ আপনাকে দিবে সতেজ লুক। চলুন দেখে নেওয়া যাক, ঈদের সকালের তিনটি সহজ ও সুন্দর সাজ।
আঁটসাঁট বেণি আর হালকা মেকআপ ঈদের সকালে চুল বেণি করে পেছনের দিকে আঁটসাঁটভাবে বেঁধে রাখতে পারেন। চাইলে বেণির সঙ্গে একটি ফিতা ব্যবহার করে একটু ভিন্নধর্মী নকশা তৈরি করা যায়। মেকআপ রাখুন একদম হালকা—ঠোঁটে শুধু লিপগ্লস, চোখে পাতলা আইলাইনার। আইশ্যাডোর রং এতটাই হালকা থাকবে যে, তা আলাদা করে চোখে পড়বে না। এই সাজটি আপনাকে দেবে একেবারে সতেজ ও স্বাভাবিক লুক।
উজ্জ্বলতার ছোঁয়া যারা সাজে একটু উজ্জ্বলতা পছন্দ করেন, তাদের জন্য এই লুকটি উপযুক্ত। চোখের ওপর ও নিচে ব্যবহার করা যেতে পারে উজ্জ্বল গোলাপি রঙের আইশ্যাডো। ঠোঁটেও একই রঙের লিপস্টিক ব্যবহার করলে পুরো সাজে একটি মিল তৈরি হয়। চুলের নিচের অংশ হালকা কোঁকড়া করে ছেড়ে রাখলে লুকটি হয়ে উঠবে আরও প্রাণবন্ত।
ন্যুড টোনে সতেজ সৌন্দর্য এ সাজে চুলের নিচের অংশ কোঁকড়া করে ছেড়ে রাখা যেতে পারে। চোখে এবং ঠোঁটে ব্যবহার করুন হালকা শেডের ন্যুড রং। খুব বেশি গাঢ় কিছু না ব্যবহার করেও এই সাজে মুখে আসে স্বাভাবিক উজ্জ্বলতা ও সতেজ ভাব। সহজ কিন্তু মার্জিত এই লুকটি সকালবেলার জন্য বেশ মানানসই।
সময় অনুযায়ী সাজে ছোট ছোট পরিবর্তন আনলে ঈদের দিনটিকে আরও বিশেষ করে তোলা যায়। তাই সকালবেলায় হালকা, আরামদায়ক ও স্নিগ্ধ সাজই হতে পারে আপনার সেরা পছন্দ।