লাইফস্টাইল

ঈদে বাসায় রান্না করুন আরবীয় খাবার ‘কুনাফা’

ঈদের দিন বাসায় রান্না করতে পারেন আরবীয় মিষ্টি খাবার ‘কুনাফা’। অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। জেনে নিন সহজ এই রেসিপির পদ্ধতি—

উপকরণ লাচ্ছা সেমাইয়ের প্যাকেট: ২টি তরল দুধ: ২ কাপ ক্রিম বা মাখন: ১টি চিনি: ১/৩ কাপ কর্নফ্লাওয়ার: ২ টেবিল-চামচ (পানি দিয়ে গুলানো) ঘি বা বাটার: ১/৩ কাপ

চিনির সিরার জন্য: চিনি: ১/২ কাপ পানি: ১ কাপ

প্রথম ধাপ প্রথমে একটি পাত্রে দুধ, চিনি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলায় বসান। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে হালকা ঠান্ডা করুন। এরপর এতে ক্রিম মিশিয়ে নিন। মনে রাখবেন, ক্রিম পাতলা হলে কুনাফা ভালোভাবে বসবে না।

দ্বিতীয় ধাপ সেমাইয়ে ঘি মেখে নিন। এমন একটি পাত্র ব্যবহার করুন, যেটি উল্টানোর প্রয়োজন হবে না—কেক প্যান হলে ভালো হয়। প্যানে হালকা ঘি ব্রাশ করে সেমাই বিছিয়ে চেপে চেপে সমান করে দিন।

ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিট বেক করুন। হালকা বাদামি হলে বের করে ওপরের দিকে ঠান্ডা করা ক্রিম ঢেলে দিন এবং তার ওপর আরেক স্তর সেমাই বিছিয়ে দিন।

আবার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। খেয়াল রাখবেন, যেন পুড়ে না যায়। ওপরের অংশ হালকা বাদামি হলে আগে থেকে তৈরি করে রাখা গরম চিনির সিরা পরিমাণমতো ছড়িয়ে দিন।

তৃতীয় ধাপ চিনির সিরা ও কুনাফা—দুটিই গরম থাকা অবস্থায় সিরা ঢালবেন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর কেটে পরিবেশন করুন মজাদার কুনাফা।