এই তীব্র গরমে ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখাই যেন বড় ধরনের চ্যালেঞ্জ। বাইরে প্রখর রোদ, ভেতরে ধুলো-ময়লা আর ঘাম—সব মিলিয়ে ত্বকের উপর পড়ে বাড়তি চাপ। অনেকেই মনে করেন দামি প্রসাধনী ব্যবহার করলেই ত্বক ভালো থাকবে, কিন্তু বাস্তবে দেখা যায়, প্রতিদিনের কিছু ছোট ছোট ভুল অভ্যাসই ত্বকের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নিজেদের অজান্তেই এই অভ্যাসগুলো আমাদের ত্বকের কোলাজেন নষ্ট করে, বাড়িয়ে দেয় বলিরেখা, আর ত্বককে করে তোলে নিস্তেজ ও ক্লান্ত। এজন্য শুধু যত্ন নিলেই হবে না, বরং ভুলগুলো এড়িয়ে চলাও সমান জরুরি। চলুন জেনে নেওয়া যাক, এমন পাঁচটি সাধারণ ভুল যেগুলো এই গরমে ত্বকের সতেজতা নষ্ট করে দিতে পারে—
সানস্ক্রিন ব্যবহার না করা শুধু রোদে বের হলেই সানস্ক্রিন প্রয়োজন? একদম না, কারণ সূর্যের অতিবেগনি রশ্মি মেঘলা দিনেও ত্বকের ক্ষতি করতে পারে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকের কোলাজেন ভেঙে যায়, ফলে দ্রুত বলিরেখা ও দাগ তৈরি হয়। তাই প্রতিদিন, এমনকি ঘরের বাইরে অল্প সময়ের জন্য গেলেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস প্রয়োজনের অধিক চিনি শুধু শরীরের জন্য নয়, ত্বকের জন্যও ক্ষতিকর। বেশি মিষ্টি খেলে শরীরে এমন একটি প্রক্রিয়া সক্রিয় হয় যা কোলাজেনকে দুর্বল করে দেয়। যার ফলে ত্বক দ্রুত ঢিলে হয়ে যায় এবং বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তাই গরমে ত্বক ভালো রাখতে খাদ্যাভ্যাসেও নিয়ন্ত্রণ জরুরি।
ঘুমের ভুল অভ্যাস ও খারাপ বালিশ ব্যবহার ঘুমের সময়ই ত্বক নিজেকে মেরামত করে। পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে কালি পড়ে, ত্বক নিস্তেজ হয়ে যায়। আবার উপুড় হয়ে বা এক পাশে চেপে ঘুমালে মুখে বলিরেখা পড়তে পারে। সঠিক ভঙ্গিতে (পিঠের উপর ভর দিয়ে) ঘুমানো এবং নরম, সিল্কের বালিশের কভার ব্যবহার করলে ত্বকের ক্ষতি কম হয়।
অতিরিক্ত মুখে হাত দেওয়া বা রুক্ষভাবে পরিষ্কার করা অনেকেরই অভ্যাস আছে বারবার মুখে হাত দেওয়া বা জোরে ঘষে মুখ ধোয়া। এতে ত্বকের উপরের সংবেদনশীল স্তর ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বক আরও সংবেদনশীল হয়ে পড়ে। দীর্ঘমেয়াদে এটি ত্বকের বয়স বাড়িয়ে দেয়। তাই ত্বকের সঙ্গে কোমল আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত স্ক্রিনটাইম বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ বা টিভির ব্যবহার বেড়েই চলেছে। এসব ডিভাইস থেকে নির্গত নীল আলো ত্বকের গভীরে প্রবেশ করে এবং কোলাজেন নষ্ট করে। এর ফলে ত্বকে দাগ, ক্লান্ত ভাব ও দ্রুত বলিরেখা দেখা দিতে পারে। তাই স্ক্রিন ব্যবহারে সচেতন থাকা এবং প্রয়োজনে বিরতি নেওয়া জরুরি।
সুতরাং ত্বকের যত্ন শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও নিতে হয়। কিছু সহজ অভ্যাস পরিবর্তন করলেই এই গরমেও ত্বক থাকবে সতেজ, উজ্জ্বল ও প্রাণবন্ত।