ঈদ মানেই বিশেষ আয়োজন, আর সেই আয়োজনের অন্যতম আকর্ষণ সুস্বাদু খাবার। জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা জানালেন, ঈদের দিনে তাদের বাড়িতে খিচুড়ি আর মাংস থাকবেই। বিশেষ করে কালাইয়ের ডাল দিয়ে রান্না করা খিচুড়ি ছাড়া যেন ঈদের আনন্দই পূর্ণতা পায় না। এর সঙ্গে থাকে গরুর মাংস। এছাড়া তাদের এলাকায় চালের রুটি, সেমাই ও নুডলস তৈরিরও প্রচলন রয়েছে।
রান্নাবান্নার প্রতিও সালমার রয়েছে দারুণ আগ্রহ। তিনি বলেন, “আমি সবসময়ই রান্না করি। কাবুলি পোলাও খুব ভালো রান্না করি।” শুধু কাবুলি পোলাও নয়, সর্ষে ইলিশ, সিন্দুর মালাই এবং টমেটো-আলু-ধনেপাতা দিয়ে বোয়াল মাছের বিশেষ রান্নাতেও তার দক্ষতা রয়েছে। নতুন নতুন রান্না করতে এবং সবাইকে খাওয়াতে তিনি ভীষণ পছন্দ করেন।
নিজের বিশেষ কাবুলি পোলাও রেসিপিও শেয়ার করেছেন সালমা
প্রথমে মাংস অল্প আদা-রসুন বাটা ও লবণ দিয়ে এক-দুই ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। এরপর প্রেসার কুকারে ঘি ও তেল দিয়ে পেঁয়াজ হালকা ভেজে তাতে মেরিনেট করা মাংস দিতে হবে। মাংস কিছুক্ষণ ভাজার পর যখন চর্বি গলতে শুরু করবে, তখন আস্ত জিরা, লবণ এবং এলাচ, দারুচিনি ও লবঙ্গ ব্লেন্ড করা ঘরে তৈরি বিশেষ মসলা যোগ করতে হবে।
এরপর ৮ থেকে ১০টি সিটি ওঠা পর্যন্ত রান্না করতে হবে, যাতে মাংস নরম ও মিষ্টি স্বাদের হয়। পরে বাসমতি চাল দিয়ে প্রয়োজনমতো পানি, লবণ এবং বিশেষ ‘কাবুলি মসলা’ মিশিয়ে দিতে হবে।
সবশেষে ভাত প্রায় হয়ে এলে ঘিয়ে ভাজা গাজর কুচি ও কিসমিস ওপরে ছড়িয়ে দিতে হবে। সবশেষে ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখ ভালোভাবে আটকে এক ঘণ্টা কম আঁচে দমে রাখতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি ও মজাদার কাবুলি পোলাও।