ব্রেক-আপ, চাকরির চাপ বা জীবনের বড় কোনো পরিবর্তনের পর অনেকেরই হঠাৎ ব্রণ, একজিমা বা ত্বকের চুলকানির সমস্যা বেড়ে যেতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এটি কাকতালীয় নয়; মানসিক চাপের সঙ্গে ত্বকের স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে।
মানসিক চাপের সময় মস্তিষ্ক থেকে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এসব হরমোন শরীরে প্রদাহ বাড়ায় এবং ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর দুর্বল করে দেয়। ফলে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও সংবেদনশীল হয়ে ওঠে, একই সঙ্গে অ্যালার্জি ও সংক্রমণের ঝুঁকিও বাড়ে।
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মানসিক চাপ ত্বকের তৈলগ্রন্থিকে বেশি সিবাম উৎপাদনে উদ্দীপিত করে, যার কারণে লোমকূপ বন্ধ হয়ে ব্রণের প্রকোপ বাড়তে পারে।
লন্ডনের সাইকোডার্মাটোলজি বিশেষজ্ঞ ডা. আলিয়া আহমেদ এর মতে, ‘‘শারীরিক এবং মানসিক- এই দুই ধরনের চাপই আপনার ত্বকের উপর প্রভাব ফেলতে পারে।’’
বিশেষজ্ঞদের মতে, ত্বকের বাইরের প্রতিরক্ষামূলকর স্তর দুর্বল হয়ে পড়লে ত্বক তার আর্দ্রতা খুইয়ে ফেলে। ফলে পরাগরেণু ও সুগন্ধির মতো উত্তেজক ও অ্যালার্জেনিক পদার্থ (অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান) শরীরে প্রবেশ করতে পারে যা ত্বককে শুষ্ক ও সংবেদনশীল করে তুলতে পারে।
এ ছাড়া মানসিক চাপ একজিমা, সোরিয়াসিস, আমবাত ও দাদের মতো ত্বকের রোগের উপসর্গও তীব্র করে তুলতে পারে। স্ট্রেসের কারণে ত্বকে হিস্টামিন নিঃসরণ বাড়ে, যা চুলকানির অনুভূতি সৃষ্টি করে। চুলকাতে থাকলে ত্বকের আরও ক্ষতি হয়, ফলে আবারও চুলকানি বাড়ে—এভাবেই তৈরি হয় ‘ইচ-স্ক্র্যাচ’ নামে পরিচিত এক দুষ্টচক্র।
বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ ঘুমের ব্যাঘাতও ঘটায়, আর পর্যাপ্ত ঘুম না হলে ত্বকের নিজেকে মেরামত করার স্বাভাবিক ক্ষমতা কমে যায়। তাই শুধু বাহ্যিক প্রসাধনী ব্যবহার নয়, মানসিক সুস্থতাও ত্বক ভালো রাখার গুরুত্বপূর্ণ শর্ত।
স্ট্রেস নিয়ন্ত্রণে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং মাইন্ডফুলনেস মেডিটেশনের মতো অভ্যাস উপকারী হতে পারে। হাঁটার সময় বা ব্যায়ামের সময় মনকে বর্তমান মুহূর্তে রাখার চেষ্টাও মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও জরুরি।
ত্বকের সুস্থতা কেবল ক্রিম বা ওষুধের ওপর নির্ভর করে না। মন ও শরীর—দু্ইয়েরই যত্ন একসঙ্গে নেওয়া প্রয়োজন। কারণ মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে অনেক ক্ষেত্রেই ত্বকের সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
সূত্র: বিবিসি