মিডিয়া

দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে: তথ্যমন্ত্রী

সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,“এই উৎসবমুখর আবহ প্রমাণ করে দেশে এখন একটি মুক্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,“দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি ও কৃষক। বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে।”

তিনি আরো বলেন, “ঐতিহ্যবাহী বাংলা সনের উৎপত্তির সঙ্গে কৃষির নিবিড় সম্পর্ক রয়েছে, আর সেই ঐতিহ্যকে ধারণ করেই এবারের পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। পঙ্গু অর্থনীতিকে পুনরুদ্ধার করে দেশের উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যেই আমরা কাজ করছি সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে।”

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান।