সিলেটে প্রথম বারের মতো ছয় জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হলো মর্যাদাপূর্ণ ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ২০২৬’।
জমকালো আয়োজনে শুক্রবার রাতে (৫ জুন) নগরের একটি হোটেল মিলনায়তনে অতিথিরা এসব সাংবাদিকের হাতে অ্যাওয়ার্ড, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন।
সিলেটে সূধীজনের উপস্থিতিতে এ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকালে সাহসী সাংবাদিকতার জন্য তিন জন সাংবাদিককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া আরো তিন জন সাংবাদিককেও নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই সম্মাননা দেওয়া হয়।
নগরের নির্ভানা ইন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাওয়ার্ডের প্রবর্তক সংস্থা মাহমুদ হোসাইন ট্রাস্টের ট্রাস্টি, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র আ. ম. অহিদ আহমদ।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, শাবিপ্রবির উপ উপাচার্য ড. সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্রিটেনের ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নাজ খসরু, গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. অলিউর রহমান, বিএমএর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা, শামিমুর রহমান, সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের সিলেট অঞ্চলের কমিশনার মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস সামছ শাহীন, কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস, বাসসের সিলেট প্রতিনিধি সেলিম আউয়াল, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা।
অনুষ্ঠানে সিলেটের ছয় জন সাংবাদিকের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা। অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন-প্রবীণ সাংবাদিক বশিরুদ্দিন (বরেণ্য সাংবাদিক সম্মাননা) শহীদ এটিএম তুরাব (মরণোত্তর সম্মাননা) হারিছ আলী (মফস্বল সাংবাদিকতা) খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি (প্রিন্ট মিডিয়ার ক্যাটাগারি), চ্যানেল ২৪ এর আজহার উদ্দিন শিমুল (ইলেকট্রনিক মিডিয়া) এবং দৈনিক একাত্তরের কথার মোহিদ হোসেন (ফটো সাংবাদিকতা)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সিলেটের সাংবাদিকতার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। একসঙ্গে ছয় জন সাংবাদিককে তাদের পেশাগত অবস্থানের মুল্যায়নক্রমে অ্যাওয়ার্ড প্রদান করার ঘটনা মাইলফলক হয়ে থাকবে।
মরহুম রশীদ আহমদের বর্ণাঢ্য পেশাগত জীবনকে স্মরণ করে বক্তারা বলেন, জীবনভর তিনি এভাবেই জনকল্যাণে কাজ করে গেছেন। তার উত্তরসূরীরাও সে ধারা অব্যাহত রেখেছেন, এটি প্রশংসার দাবিদার। তারা সবাই এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।