জাতীয়

পরিমলের বিরুদ্ধে ধর্ষিতার ক্যামেরা ট্রায়াল সাক্ষ্য

আদালত প্রতিবেদকঢাকা, ২২ আগস্ট: ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য (ক্যামেরা ট্রায়াল) দিয়েছেন ধর্ষিতা ছাত্রী।তিনি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে এ সাক্ষ্য দেন ।বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় আদালত কক্ষ থেকে এ মামলার আসামি, আসামির আইনজীবী, ভিকটিম, ভিকটিমের আইনজীবী ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছাড়া আর সবাইকে বের করে দেওয়া হয়। এরপর ভেতর থেকে আদালতের কক্ষ বন্ধ করে দিয়ে সাক্ষ্য নেওয়া হয়। ভিকাররুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা দিবা শাখার দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রথমে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করেন শিক্ষক পরিমল। এ সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। পরে তাকে ব্ল্যাকমেইল করে ১৭ জুনও ধর্ষণ করা হয়।মামলার পর ২০১১ সালের ৬ জুলাই পরিমল জয়ধরকে কেরানীগঞ্জের তার স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়। ২০১১ সালের ২৮ নভেম্বর অধিকতর তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা, ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমান ও অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অব্যাহতির সুপারিশ করে শুধুমাত্র পরিমল জয়ধরকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন।২০১২ সালের ৭ মার্চ পরিমলের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়।

 

রাইজিংবিডি / কবীর