নিজস্ব প্রতিবেদক : শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগে ৩৩৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নিয়োগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সুপারিশে ৫১১ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে শর্তসাপেক্ষে তাদেরকে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসির সই করা প্রজ্ঞাপনে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১০ম গ্রেডে শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি তাদের যোগদান করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপিএসসি কর্তৃক এনবিআরের অধীন শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৩৯ নতুন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ১২টি শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান করা হল। শুল্ক ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে ৩ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ, ২ বছর শিক্ষানবিস হিসেবে কাজ করা, শিক্ষানবিশ থাকার সময় আচার-আচরণ নিয়ন্ত্রিত রাখার শর্ত আরোপ করা হয়েছে। এনবিআর কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগে অনুরোধ করে বিপিএসসিকে। এনবিআর তাদের পুলিশ প্রতিবেদন, স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য বিষয় যাচাই শেষে ৩৩৯ জনকে নিয়োগ দেয়। রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/শাহনেওয়াজ