সচিবালয় প্রতিবেদক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে। এরই মধ্যে ৪৬ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। এতে টেকনোক্র্যাট কোটায় আছেন দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। এদের মাঝে স্থপতি ইয়াফেস ওসমান পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মোস্তাফা জব্বার পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। এই দুইজন বিদায়ী সরকারে মন্ত্রী হিসেবে ছিলেন। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে নতুন মুখ যুক্ত হয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধান নির্বাচনী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে বিগত তিন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন আগামীকাল সোমবার বিকেলে। এরই মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ বিজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারা। রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৯/হাসান/সাইফ/শাহনেওয়াজ