জাতীয়

শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস ৯ মাসেও স্থানান্তর হয়নি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুর সাব-রেজেস্ট্রি অফিসটি ডেমরার মাতুয়াইলে দীর্ঘদিন যাবত কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ২০১৬ সালের আগস্টে সাব-রেজিস্ট্রি অফিসটি ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্স, তেজগাঁওয়ের স্থানান্তরিত হয়। ফলে শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন মৌজাসমূহ ঢাকা নগরীর একেবারে দক্ষিণে বিধায় সেবাপ্রার্থীরা চরম দুর্ভোগে পড়েন। গত বছরের ৩১ জুলাই শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসটি সেবাপ্রার্থীদের সুবিধার্থে ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে তেজগাঁও থেকে কদমতলী থানার দনিয়া মৌজায় স্থানান্তরের প্রশাসনিক অনুমোদন হলেও গত নয় মাসেও তা কার্যকর হয়নি। এজন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগও করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন বলেন, ‘এই ধরনের একটি অভিযোগ সংসদীয় কমিটিতে এসেছে। কমিটির আগামী বৈঠকে এ ব্যাপারে আলোচনা করা হবে।’ এ বিষয়ে জানতে চাইলে মাতুয়াইলের বাসিন্দা আরিফুজ্জামান বাবু ভূইয়া বলেন, ‘ডেমরার অফিস থেকে তেজগাঁও অফিস প্রায় ১৫ কিলোমিটার দূরে। বয়স্কদের নিয়ে খুবই ঝামেলায় পড়তে হয়।’ কদমতলীর রায়েরবাগের ব্যবসায়ী সোহাগ বলেন, ‘অফিস দূর হওয়াতে জমির দলিল করতে অনেক সময় লাগে। আর রাস্তায় জ্যাম থাকলে তো দিন শেষ।’ রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৯/আসাদ/শাহনেওয়াজ