জাতীয়

সার্বিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

কূটনৈতিক প্রতিবেদক : সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিকের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বিয়ান প্রেসিডেন্ট প্রাসাদে এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রীয় আচার-অনুসরণ পালন করে তার পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বিয়া ও আলবেনিয়ার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।

সার্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ্ত আলোচানায় রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার দু’দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে তুলে ধরেন এবং এ সম্পর্ক উত্তোরোত্তর বাড়াছে বলে অভিহিত করেন।

রাষ্ট্রদূত বলেন, দু’দেশের বাণিজ্য সম্পর্ক বাড়ার অনেক সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। শিগগিরই সার্বিয়াতে একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবেন বলে তিনি সার্বিয়ার রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি উল্লেখ করেন, সার্বিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সিরামিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস আমদানি করতে পারে।

রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে সার্বিয়ার প্রয়োজন অনুযায়ী দক্ষ ও অদক্ষ মানবসম্পদ সরবরাহে বাংলাদেশের সক্ষমতার বিষয়টিও অবহিত করেন।

সার্বিয়ার প্রেসিডেন্ট দু’দেশের বিদ্যমান সর্ম্পকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য সার্বিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/হাসান/লাকী