জাতীয়

বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তন করা যাবে, সংসদে বিল পাস

বছরে একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম পরিবর্তন করার বিধান রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন-২০২০ বিল’ সংসদে পাস হয়েছে।   বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের জন‌্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়, কমিশন নির্ধারিত ট্যারিফ কোনো অর্থবছরে কমিশনের একক বা পৃথক পৃথক আদেশে প্রয়োজনে এক বা একাধিকবার পরিবর্তন করতে পারবে। এ আইন কার্যকর হলে এনার্জি রেগুলেটরি কমিশন বছরে এক বা একাধিকবার বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পেট্রোলসহ জ্বালানির দাম পরিবর্তন করতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি জ্বালানি সরবরাহ কাঠামোতে দ্রুত পরিবর্তন ঘটায় আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এসব কারণে এই বিল সংসদে পাসের জন্য উপস্থাপন করা হয়েছে।