সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হবে ২৪ মে (সোমবার) থেকে। রোববার ( ২৩ মে) বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রকাশ দত্ত এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সরকারের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩০ মে পর্যন্ত।
প্রকাশ দত্ত বলেন, ‘বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রোববার সকাল থেকে মতিঝিল বিআইডাব্লিউটিএ’র সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (নৌনিট্রা) মো. রফিকুল ইসলাম অবস্থান কর্মসূচি স্থলে উপস্থিত হয়ে ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চলাচলের ঘোষণা দেন।’
কর্তৃপক্ষের এই ঘোষণায় বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে।
অবস্থান কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ঢাকা নদী বন্দর কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ড্রাইভার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য আতিকুল ইসলাম টিটু প্রমুখ।