বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানায়।
শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সরকার ও জনগণকে আমার উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম।
তিনি বলেন, দুই দেশের জনগণ গত ৫০ বছর ধরে বন্ধুত্ব উপভোগ করছে। একইসঙ্গে দুই দেশের জনগণ খেলাধুলা পছন্দ করেন। বিশেষভাবে আমি ক্রিকেট খেলার কথা উল্লেখ করতে চাই।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক গড়তে প্রস্তুত।
দুই দেশ বাণিজ্য, অর্থনীতি ও সামরিক সহযোগিতা বাড়াতে আগামীকে কাজ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ জানুয়ারি অস্ট্রেলিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়।