স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চরমপন্থীদের আগ্রাসন থেকে দেশকে মুক্ত করেছে র্যাব। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রক্তাক্ত জনপদের মানুষ পেয়েছে নিরাপদ জীবন। প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে দেশের একমাত্র এলিট ফোর্স র্যাব যেভাবে কাজ করে যাচ্ছে তাতে তারা প্রশংসার দাবি রাখে।’
সোমবার (২৮ মার্চ) সকালে উত্তরায় র্যাব সদর দপ্তরে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, ‘বিভিন্ন হত্যা, অপহরণ ও ধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের বিচার পাওয়ার পথ সুগম করেছে র্যাব। এছাড়া মানবিক দায়িত্ববোধ থেকেও কাজ করে চলেছে বিধিবদ্ধ এ বাহিনী।’
জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রেখেছে র্যাব উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, বিগত ও বর্তমান সময়ে জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে স্বক্ষম হয়েছে র্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি ও কৌশলের আলোকে আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের দমনে যেসব তৎপরতা চালিয়েছে তাতে র্যাবের ভূমিকা অনস্বীকার্য এবং আগামীতে সংস্থাটি যেন আরো ভালো ভালো কাজ করতে পারে বিশেষ করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।