জাতীয়

এসি বাসের টিকিটে প্রতারণা, সিট মিললো নন এসিতে

আমির হোসেন বিপুল খান। রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের শাখার চাকরি করেন। বাবা-মায়ের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করেছেন রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের। কিন্তু এসি বাসের টিকিট কেটে প্রতারিত হয়েছেন তিনি। এসি বাসের কথা বলে দেওয়া হয়েছে নন এসি বাস।

রোববার (১ মে) রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাস কাউন্টারে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসি বাসের আগাম টিকিট সংগ্রহ করে নন এসি বাসে যাত্রীরা যেতে চাচ্ছেন না।  তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না বলে জানায় কাউন্টার কর্তৃপক্ষ। শুধু টুঙ্গীপাড়া এক্সপ্রেস নয়, ইমাদ পরিবহন, দোলাসহ বিভিন্ন পরিবহনে এসি বাসের আগাম টিকিট সংগহ করে মিলছে নন এসি বাস।

আমির হোসেন বিপুল খান বলেন, গত ২১ এপ্রিল ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের ৪০২ নম্বর এসি গাড়িতে চারটি টিকিট সংগ্রহ করি। টিকিট কাটার পর যথারীতি বাস ছাড়ার নির্দিষ্ট সময়ের আগে কাউন্টারে আসলে গাড়িতে যেতে বলা হয়। গাড়িতে গিয়ে দেখি এসি বাসের জায়গায় নন এসি বাস দেওয়া হয়েছে।

ইমাদ পরিবহনের যাত্রী মোস্তাফিজুর রহমান বুলবুল বলেন, একটি কোম্পানিতে চাকরি করি। আজ থেকে ছুটি। গ্রামের বাড়িতে ঈদ করতে  টিকিট সংগ্রহ করি।  ৭০০ টাকার টিকিট ১২০০ টাকা দিয়ে ১ মে’র আগাম টিকিট সংগ্রহ করি। কাউন্টারে স্টাফদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এসির ভাড়া নিলেও নন এসিতে যেতে হচ্ছে।  ঈদের সময় নন এসির ভাড়া ৪০০ টাকার জায়গায় ৬০০ টাকা আর এসির ভাড়া ৭০০ টাকার জায়গায় ১২০০ টাকা করে নিচ্ছে।  বাড়তি টাকা ফেরত চাইলেও ফেরত দেয়নি।

এ বিষয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের কাউন্টারের ম্যানেজার আতিকুর রহমান বলেনন, যারা যে গাড়িতে টিকিট কেটেছেন, তারা সেই গাড়িতে যাচ্ছে। এসি বাসের টিকিট যারা কেটেছেন তারা এসি বাসে। যাত্রীদের অভিযোগ সঠিক নয়।