বাস রুট রেশনালাইজেশনের আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা মহানগরীর ২২, ২৩ ও ২৬ নম্বর রুটে ঢাকা নগর পরিবহনের আওতায় ২০০ নতুন বাস চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২১ জুন) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভায় তিনি এ ঘোষণা দিয়েছেন।
ডিএসসিসির মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমরা নতুন তিনটি রুটে ঢাকা নগর পরিবহন চালুর জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এই তিনটি যাত্রাপথেই আমরা আবেদন পেয়েছি। সেই আবেদনগুলোসহ বিআরটিসির আবেদন পর্যালোচনা করেছি। আমরা নতুন তিনটি যাত্রাপথের মধ্যে ২২ নম্বর যাত্রাপথে অভি মোটরসের ২০২২ সালে নির্মিত ৫০টি বাস চালুর প্রস্তাব পেয়েছি। আমরা তাদের আবেদন গ্রহণ করেছি। একইভাবে ২৩ নম্বর যাত্রাপথে হানিফ এন্টারপ্রাইজ ২০২২ সালে নতুন নির্মিত ১০০টি বাস চালুর আবেদন করেছে। আমরা সেটাও গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। ২৬ নম্বর যাত্রাপথে বিআরটিসির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ৫০টি ডাবল ডেকার বাস দিয়ে চালু করা হবে। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যেই এ বাসগুলো নির্মাণ করা হবে। আমাদের সকল অবকাঠামো নির্মাণও সম্পন্ন হবে। আমাদের সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের যদি সম্মত হন, তাহলে তাকে প্রধান অতিথি করে ১ সেপ্টেম্বর নতুন তিনটি যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করা হবে।’
পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঘাটারচর-কাঁচপুর রুটে বাস কমে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা নগর পরিবহন ঢাকাবাসীর কাছে সমাদৃত হয়েছে। একটি-দুটি বাস কমল বা বাড়ল, সেটা কিন্তু সাফল্যের নির্ণায়ক নয়। সফলতার বিষয় হচ্ছে, এই যাত্রাপথটি এখনো চালু আছে। তবে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রান্সসিলভা তাদের বাসগুলো সরিয়ে নিয়েছে। তারা নতুন আরও ২০টি বাস চালুর আবেদন করেছিল, কিন্তু আমরা তাদেরকে নতুন করে আর অনুমোদন দেবো না। এছাড়া, জাহান এন্টারপ্রাইজ ২০টি বাস চালুর আবেদন করেছিল এবং সেগুলো প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে। সুতারাং সেই বাসগুলো এই যাত্রাপথে আমরা চালু করব।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ডিএমপির ট্রাফিক বিভাগ, বিআরটিএ এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সমন্বয়ে আমরা আগামী ১৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত যৌথ অভিযান চালাবো। ১ হাজার ৬৪৬টি অবৈধ বাস, যারা বিভিন্নভাবে লুকিয়ে বিভিন্ন যাত্রাপথে চলে, এদেরকে আমরা ঢাকা শহরের যেখানে পাবো, সেখানেই ব্যবস্থা নেবো। শুধু দিনের বেলায় নয়, প্রয়োজনে আমরা রাতেও অভিযান চালাবো। তারা টার্মিনালে রাখলে সেখান থেকে খুঁজে বের করব, রাস্তায় রাখলে সেখান থেকে খুঁজে বের করবো, কাউন্টারের পাশে রাখলেও খুঁজে বের করবো। আমরা চিরুনি অভিযান চালিয়ে এই ১ হাজার ৬৪৬টি বাস জব্দ করব, ধ্বংস করব।’
আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট যাত্রাপথগুলোতে যাত্রী ছাউনি, বাস বেসহ সকল অবকাঠামো উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র তাপস।
২১ নম্বর যাত্রাপথে রুট পারমিটবিহীন ও অবৈধ কোনো বাস চলবে না, জানিয়ে উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘২১ নম্বর যাত্রাপথ - ঘাটারচর হতে কাঁচপুরে ঢাকা নগর পরিবহন ছাড়া অন্য কোনো বাস চলবে না। এই যাত্রাপথে শুধু ঢাকা নগর পরিবহনই চলবে।’
সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান মো. আনিসুর রহমান মিয়া, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২২ নম্বর রুট: ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর টাউন হল-আসাদ গেট-ফার্মগেট-কাওরানবাজার-শাহবাগ-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল-টিকাটুলি-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-কোনাপাড়া-ডেমরা স্টাফ কোয়ার্টার।
২৩ নম্বর রুট: ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-জাপান গার্ডেন সিটি-শ্যামলী-কলেজ গেট-আসাদ গেট-কলাবাগান- সায়েন্স ল্যাব-শাহবাগ-মৎস্য ভবন-প্রেসক্লাব-গুলিস্তান (জিরো পয়েন্ট)-দৈনিক বাংলা-রাজারবাগ-কমলাপুর-ধলপুর-যাত্রাবাড়ী-শনির আখরা-রায়েরবাগ-মাতুয়াইল- সাইনবোর্ড-চিটাগং রোড।
২৬ নম্বর রুট: ঘাটারচর-ওয়াশপুর-বসিলা-মোহাম্মদপুর-টাউন হল- আসাদ গেট-কলাবাগান-সায়েন্স ল্যাব-নিউ মার্কেট- আজিমপুর-পলাশী-চাঁনখার পুল-ফ্লাইওভার হয়ে পোস্তগোলা-কদমতলী।