জাতীয়

হাতিরঝিলে বাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

রাজধানী হাতিরঝিল রামপুরা ওয়াপদা রোডের একটি বাসা থেকে নিয়াজ মোরশেদ নাদিম (২০) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে রামপুর ওয়াপদা রোডের একটি চতুর্থ তলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দরজা খোলা ফ্যানের হুকের সাথে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ভিকটিম ঝুলছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহতের চাচা ফয়জুল ইসলাম বলেন, সকালে বিশ্ববিদ্যালয় যাওয়ার কথা। দশটা বেজে গেলেও না ওঠায় আমরা দরজা নক করি। কোন সারা শব্দ না পেয়ে লক ভেঙে দেখি নিয়াজ ফ্যানের সাথে ঝুলছে। তখন পুলিশকে খবর দিই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আমার ভাতিজা নিয়াজ অত্যন্ত শান্তশিষ্ট। সে কারও সাথে বেশি কথা বলতো না। এটাই আমার প্রশ্ন, এই কাজ কেন করতে গেল। আমাদের গ্রামে বাড়ি পিরোজপুর জেলার নাজিমপুর উপজেলার কাঁটাবুনিয়া গ্রামে। 

বর্তমানে ওয়াপদা রোড রামপুরা হাতিরঝিল চতুর্থ তলায় পরিবারের সাথে থাকতো সে। দুই ভাইয়ের মধ্যে নিয়াজ ছিল ছোট।