জাতীয়

বিদেশি কূটনীতিকদের দেশের পরিস্থিতি জানাবে সরকার

ঢাকায় কর্মরত সব বিদেশি দূতাবাস ও হাইকমিশনের প্রধানদের, ঢাকায় জাতিসংঘের প্রধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ব্রিফিং হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এ সময় ব্রিফিংয়ে মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মূলত গত ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যেসব তাণ্ডব চালিয়েছে সেসব বিদেশিদের কাছে উপস্থাপন করবে সরকার। পাশাপাশি হরতালের নামে বিএনপি দেশে নৈরাজ্য ফিরিয়ে আনছে, বিদেশিদের এমন বার্তা দিবে সরকার।

পুলিশের মৃত্যু, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং বাইডেনের উপদেষ্টা বলে কথিত ব্যক্তিকে দিয়ে মিডিয়ায় কথা বলানোসহ বিএনপি যা যা করেছে সেসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্রিফে তুলে ধরা হবে।